ভাণ্ডারিয়ায় ভুবনেশ্বর খালের পুনঃখনন কাজ শুরু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫১

ভাণ্ডারিয়ায় পোনা নদীর শাখা ভুবনেশ্বর খাল পুনঃখনন কাজের শুরু উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার সকালে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জাকারিয়া। এ সময় জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভাণ্ডারিয়া সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, পুনঃখনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান জুয়েল কাজী, গৌরীপুর ইউপি সচিব শ্যামল কান্তি বড়াল, ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার, স্থানীয় সমাজসেবী ও জেপি নেতা মো. মানিক হাওলাদার, যুবসংহতি নেতা মো. সুজন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মোনাজাতে শরিক হন। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের নদী শাসন কাজের আওতায় ভুবনেশ্বর খালের মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে এবং ভাণ্ডারিয়া-কাঠালিয়া সীমান্তবর্তী বিনাপানি বাজার পর্যন্ত সাড়ে ৯ হাজার মিটার দৈর্ঘ্য এবং ৩৩ মিটার প্রস্থ খাল পুনঃখনন করা হবে। যার প্রাক্কলিত ব্যয় প্রায় ৯ কোটি টাকা।  এই কাজের অংশ তৃতীয় গ্রুপে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঘোষের খাল ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার মিটার হতে ৬ হাজার ৫০০ মিটার মোট ১ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্য এবং ৩৩ মিটার প্রস্থ পৈকখালী বাজার হয়ে ঘোষের খাল অংশে খালের দুই পাড়ে দুটি ভেকু মেশিন দিয়ে গতকাল বুধবার খনন কাজ শুরু করা হয়।