ধামইরহাটে এক রাতেই সাত সরকারি অফিসে চুরি!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫১

নওগাঁর ধামইরহাটে ব্যাংকসহ সাতটি সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরের দল। তবে এখন পর্যন্ত চোরদের আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা পল্লি উন্নয়ন অফিস, উপজেলা মত্স্য অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা শিক্ষা অফিসে এ চুরির ঘটনা ঘটিয়েছে। সিসিটিভিতে একদল মুখোশধারী চোরকে রাত ৩টার দিকে অফিস পাড়ার বিভিন্ন অফিসে প্রবেশ করতে দেখা যায়। এতে উপজেলা মত্স্য অফিসারের কক্ষ থেকে  নগদ অর্থ ও ভূমি অফিসের আলমিরা ও বিভিন্ন অফিসের মূল্যবান কাগজপত্র চুরির খবর পাওয়া গেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম হোসেন জানান, চুরি হওয়ার ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। চোরদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।