উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় খুন

মামলায় গ্রেফতার ছয়, বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫০

রাজশাহীর বাঘায় মেয়েদের উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মামা নাজমুল হককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং তার বাবা ও ভাইকে মারপিটের ঘটনায় মঙ্গলবার রাতে সুমনকে প্রধান আসামি করে ২৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন নাজমুল হকের বাবা আজিজুর রহমান। এছাড়া অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। অভিযোগ পেয়ে রাতেই ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা ও মারপিটের ঘটনার বিচার চেয়ে বুধবার সকালে ক্লাস বর্জনসহ মানববন্ধন করেছে খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গ্রেফতারকৃতরা হলেন, রফিজ উদ্দিনের স্ত্রী রফিজা, রানা আলীর স্ত্রী রিতা, আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান, নজরুলের ছেলে নাজমুল হোসেন, আমজাদের ছেলে সবিজ ও রঞ্জিতের ছেলে নজরুল। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ছয় জনকে রাতেই গ্রেফতার করেছে। এছাড়াও মামলার প্রধান আসামি সুমনসহ বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।