প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫২

কুমিল্লার তিতাসের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, প্রধান শিক্ষকদের মধ্যে মো. সাখাওয়াত হোসেন, মো. বদিউল আলম ভূঁইয়া, আক্তার হোসেন, মাহবুবুল হক সরকার ও কামাল হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক মো. আবু তাহেরের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আবু তাহের বাদী হয়ে মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।