রাজশাহীর সঙ্গে সারাদেশের ডুয়েলগেজ যোগাযোগ স্থাপন ও রেলযাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে রেলওয়ের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহর সঙ্গে মতবিনিময় শেষে পরিষদ নেতৃবৃন্দ মহাপরিচালক বরাবর এই স্মারকলিপি দেন। স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে রেলপথমন্ত্রী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়রকেও। মতবিনিময় ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, সিএসটিই সুনীল কুমার হালদার, সিসিএম মো. আহসান উল্লাহ ভূইয়া, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি ডা. আবদুল মান্নান ও বিএফইজের সহ-সভাপতি মামুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
