লক্ষ্মীপুরে নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের ফারুক হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী। নিহতের স্বজন ও পুলিশ জানায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গলা কেটে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক নাছরিনকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
