ময়মনসিংহের মুক্তাগাছায় রফিকুল ইসলাম (৪০) নামে একটি ইটভাটার মালিককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ঘোগা ইউনিয়নের পারইতলা এলাকায় শরীফ ব্রিকসে অভিযান চালিয়ে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান।
অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা দুই আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি অপারেশন মো. আব্দুল কাইয়ুম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ও ৫ ধারার অপরাধে একই আইনের ধারা ১৪ ও ১৫ অনুয়ায়ী ১৫ (পনের) দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। রফিকুল ইসলামের নামে আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু আছে।
