শৈত্যপ্রবাহের কবলে দিশেহারা শায়েস্তাগঞ্জ উপজেলাসহ আশপাশের লোকজন। সপ্তাহ না যেতেই আবারও শৈত্যপ্রবাহের প্রভাবে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল। কুয়াশার সঙ্গী হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
বুধবার শায়েস্তাগঞ্জ উপজেলাসহ আশপাশে ঘন কুয়াশা আর হিম বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে মহাসড়ক, আঞ্চলিক সড়ক, জলপথে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। তীব্র শীতে গায়ে কাঁপন ধরেছে ফুটপাতে থাকা হতদরিদ্র মানুষের।
সরজমিনে শায়েস্তাগঞ্জ উপজেলা ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফরমে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র মানুষ মেঝেতে শুয়ে শীতে কাঁপছেন। শহরের ফুটপাত ও বস্তির পরিবেশও একই। শহুরে রাস্তায় ও বস্তিতে থাকেন এমন মানুষের অবস্থা আরো করুণ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফরমে বসবাসরত মো. আব্দুল বলেন, এবারের শীত অত্যধিক হওয়ার কারণে খুবই কষ্টে আছেন। অন্যবারের মতো এবার শীত নিবারণ সামগ্রী বিতরণকারী মানুষের সংখ্যা খুবই কম। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে গড়ে ওঠা বস্তিবাসী আমেনা জানালেন তার কষ্টের কথা। আমেনা বলেন, শীত নিবারণ উপকরণের অভাবে অতি কষ্টে আছেন। গেল বছরে অনেক দানশীল মানুষ শীতবস্ত্র বিতরণ করেছেন। সে তুলনায় এবার খুবই কম। তাই চলমান শৈত্যপ্রবাহের তীব্রতায় গ্রামের হতদরিদ্র মানুষ খুবই দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
