সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৭

 ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

চুয়েটের চার শিক্ষার্থী মনোনীত

চট্টগ্রাম অফিস চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। তারা হলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. নাজমুল হুদা নাঈম, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কাঁকন সুলতানা, পুরকৌশল বিভাগের মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সঞ্চয় বড়ুয়া। সম্প্রতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, স্বর্ণপদকপ্রাপ্ত চার জনের তিন জনই বর্তমানে চুয়েটে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ও শোধনাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর সিটি করপোরেশনের আয়োজনে বুধবার নগর ভবনের সভাকক্ষে মানব বর্জ্য ব্যবস্থাপনার ওপর জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দি আরবান পুওর (ওসাপ) বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা হয়। রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। কর্মশালা শেষে রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নাচনীয়া নামক স্থানে নির্মিত মানব বর্জ্য শোধনাগারটির উদ্বোধন করেন প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু।

মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুছ ভূঞা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, গুরুই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. তাহেরউদ্দিন প্রমুখ।

রাণীনগরে অভ্যন্তরীণ চাল সংগ্রহের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয় বুধবার। উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। চলতি আমন মৌসুমে উপজেলায় সিদ্ধ চালের বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১২০ মেট্রিক টন ও আতপ চাল ১২০ মেট্রিক টন।

কটিয়াদীতে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে বুধবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছা। দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে চাটমোহর মহিলা কলেজে শোভাযাত্রা-আলোচনা সভা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে পাবনার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে বুধবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল আলোকসজ্জা, শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল প্রমুখ।

বঙ্গবন্ধুর ছবি সংবলিত প্ল্যাকার্ডে সজ্জিত সুজানগর উপজেলা পরিষদ চত্বর

সুজানগর (পাবনা) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সুজানগর উপজেলা পরিষদ বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। বিশেষ করে উপজেলা পরিষদের চতুরদিক টাঙানো বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ছবি সংবলিত প্ল­্যাকার্ড মানুষের দৃষ্টি আকৃষ্ট করছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার বলেন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ছবি দেখে মনে পড়ে ৭১এর রণাঙ্গনের কথা। সবচেয়ে বেশি মনে পড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা।

মসলার আধুনিক উত্পাদনের

ওপর কৃষক প্রশিক্ষণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে মসলা জাতীয় ফসলের আধুনিক উত্পাদন কলা কৌশল শীর্ষক কৃষক, কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বুধবার। দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করে মসলা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বিএআরআই) শিবগঞ্জ বগুড়া এবং প্রজনন বীজ উত্পাদন কেন্দ্র (বিএআরআই)। দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাইয়েদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. হামিম রেজা।

প্লাস্টিক, পলিথিনজাত আবর্জনার বিনিময়ে হারমোনিয়াম ও ক্রীড়াসামগ্রী

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পলিথিন ও প্লাস্টিকসামগ্রী সংগ্রহ অভিযান পরিচালিত হয়। এ ব্যতিক্রমধর্মী অভিযানের মূল উদ্যোক্তা কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অভিযান পরিচালনায় অংশ গ্রহণকারীদের মধ্যে হারমোনিয়াম ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা রৌমারী সীমান্তে জিঞ্জিরাম নদী থেকে খয়বর রহমান (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার দাঁতভাঙ্গা  ইউনিয়নের ধর্মপুর সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে। জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে ধাওয়া দিলে সে নদীতে ঝাঁপ দেয়। সেখানেই সে পানিতে তলিয়ে যায় এবং মৃত্যুবরণ করে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

বিদ্যুত্স্পৃষ্টে আহত দুই

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানাড়ীপাড়া পৌরশহরের বন্দর বাজার এলাকায় কাজের সময় বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হয়েছে দুই শ্রমিক। বুধবার দুপুরে বন্দর বাজারের নির্মাণাধীন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, গুরুতর আহত আবদুর রহমান (৬০) বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের ও চান্দু মিয়া (৪০) পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।