বর্ষসেরা দলে নেই সাকিব

আইসিসির বর্ষসেরা বেন স্টোকস

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০৩

বিশ্বকাপে অসাধারণ ধারাবাহিকতা, বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট সেরার বিবেচনায় চলে আসা, সব মিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে ইংল্যান্ড বিশ্বকাপ স্বপ্নের মতো কেটেছিল সাকিব আল হাসানের। তবে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের অলরাউন্ডার।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বেন স্টোকস। এ ছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটার প্যাট কামিন্স ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা।

বিশ্বকাপ ফাইনালে তার নায়কোচিত পারফরম্যান্সেই শিরোপা জিতেছে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যাশেজ জিততে না পারলেও স্টোকসের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দলের বিপর্যয়ে অসাধারণ দুটি সেঞ্চুরি করেছেন তিনি অ্যাশেজে, যার একটিতে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলে জিতিয়েছেন দলকে।

বর্ষসেরার স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্টোকস, ‘সর্বসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার গ্যারি সোবার্স ট্রফি জিততে পারাটা দারুণ তৃপ্তিদায়ক। ইংল্যান্ড ক্রিকেটের জন্য গত ১২ মাস ছিল অবিশ্বাস্য, বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারা ছিল আমাদের সেরা অর্জন। গত ১২ মাস আমার ক্যারিয়ারেও সেরা সময়। এই বছরের অর্জনই সামনের বছরগুলোতে আমাদের আরো সাফল্য পেতে অনুঘটক হিসেবে কাজ করবে।’

বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞ ও ক্রিকেট সাংবাদিকদের ভোটে বাছাই করা হয়েছে ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশ। দুটি দলেরই অধিনায়ক বিরাট কোহলি।

টেস্ট দলের ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। গত বছর ৮ টেস্টে ৬৮.৫৪ গড়ে ৭৫৪ রান করেছেন ভারতের ওপেনার। ওপেনিংয়ে তার সঙ্গী নিউজিল্যান্ডের টম ল্যাথাম।

বাকিদের নাম নিয়ে সংশয়ের জায়গা আছে সামান্যই। টেস্ট একাদশে সর্বোচ্চ পাঁচ জন আছেন অস্ট্রেলিয়া থেকে। দলের একমাত্র স্পিনার ন্যাথান লায়ন। ওয়ানডে দলে সবচেয়ে বেশি চার জন আছেন ভারত থেকে। দলের একমাত্র স্পিনার কুলদীপ যাদব। গত বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া স্পিনার ভারতের এই চায়নাম্যান বোলারই।

গত বছর ২৭ ওয়ানডে ইনিংসে ৭ সেঞ্চুরিতে ১ হাজার ৪৯০ রান করেছেন রোহিত। গড় ছিল ৫৭.৩০। রানে রোহিতের কাছাকাছি ছিলেন বিরাট কোহলি। ২৫ ইনিংসে ভারতীয় অধিনায়কের রান ছিল ১ হাজার ৩৭৭। কোহলির গড় ছিল রোহিতের চেয়ে বেশি, ৫৯.৮৬। তবে সেঞ্চুরি ছিল রোহিতের চেয়ে দুটি কম।

টেস্টে গত বছর ৫০ উইকেট শিকারি একমাত্র বোলার ছিলেন কামিন্স। ১২ টেস্টে নিয়েছেন ৫৯ উইকেট। সমান টেস্টে ৪৫ উইকেট নিয়ে ন্যাথান লায়ন ছিলেন বেশ পেছনে।

লাবুশেন অবশ্য সেরা উদীয়মানের পুরস্কার জিতেছেন, সেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না কেউ।

টি-টোয়েন্টিতে বছর জুড়ে সেরা পারফরমার নয়, স্বীকৃতি দেওয়া হয় সেরা একটি পারফরম্যান্সকে। বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়া বোলিংয়ে ৭ রানে ৬ উইকেট নিয়ে সেই পুরস্কার জিতেছেন ভারতীয় পেসার দিপক চাহার।

সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা ক্রিকেটার কাইল কোয়েটজার। গত বছর ১৮ ওয়ানডেতে ৮৮০ রান করেছেন স্কটিশ ব্যাটসম্যান, ২২ টি-টোয়েন্টিতে করেছেন ৭০২ রান।

আইসিসির বর্ষসেরা আম্পায়ার এবার রিচার্ড ইলিংওয়ার্থ।—বিডি নিউজ

বর্ষসেরা টেস্ট দল

মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মানার্স লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়েগনার, ন্যাথান লায়ন।

বর্ষসেরা ওয়ানডে দল

রোহিত শর্মা, শেই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (কিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।