আয়ে সবার ওপরে বার্সা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০৪

লা লিগায় যেমন বর্তমান চ্যাম্পিয়ন তারা, তেমনি ইউরোপের বাজারে আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান ক্লাবটির নামও বার্সেলোনা। আর এদিক থেকে প্রথমবারের মতো তারা ছাড়িয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদকে।

বার্ষিক ফুটবল মানি লিগ চার্টে চলতি বছর সবার ওপরে আছে এই দুটি ক্লাব। ২০১৮-১৯ মৌসুমে ৮৪০.৮ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে সবার ওপরে আছে কাতালান ক্লাবটি। অন্যদিকে এল গ্যালাকটিকোদের রাজস্ব আয় ৭৫৭.৩ মিলিয়ন পাউন্ড। অবস্থান দ্বিতীয়। সেরা দশে লা লিগার দল এই দুটিই। সেরা বিশে আর আছে কেবল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৩ নম্বর অবস্থানে থাকা দলটির আয় ৩৬৭.৬ মিলিয়ন পাউন্ড।

শীর্ষ দুটি দল লা লিগা থেকে আসলেও বরাবরের মতো এবারও ইংলিশ প্রিমিয়ার লিগই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল লিগের স্বীকৃতি পেয়েছে। কারণ, সবচেয়ে বেশি আয় করা ২০টি ক্লাবের মধ্যে আটটিই হলো ইংলিশ প্রিমিয়ার লিগের।

ইংলিশ লিগে আয়ের দিক থেকে সবার ওপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের পারফরম্যান্সে তাদের বেহাল দশা হলেও, বাণিজ্যে তারা মোটেও পিছিয়ে নেই। ২০১৮-১৯ মৌসুমে রাজস্ব তুলেছে ৭১১.৫ মিলিয়ন পাউন্ড। সেরা দশে আছে আরো চারটি ইংলিশ ক্লাব। তারা হলো: ম্যানচেস্টার সিটি (৬১০.৬ মিলিয়ন পাউন্ড), লিভারপুল (৬০৪.৭ মিলিয়ন পাউন্ড), টটেনহ্যাম হটস্পার (৫২১.১ মিলিয়ন পাউন্ড) ও চেলসি (৫১৩.১ মিলিয়ন পাউন্ড)। বোঝাই যাচ্ছে, মাঠের পারফরম্যান্স দিয়ে আর্থিকভাবে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে আনতে পেরেছে লিভারপুল। সেরা দশে একটি করে আছে বুন্দেসলিগা, সিরি ‘এ’ ও ফরাসি লিগ ওয়ানের দল। চারে আছে বায়ার্ন মিউনিখ, পাঁচে পিএসচি ও ১০-এ আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্তাস।

 ডেলোইট নামের খেলাধুলাবিষয়ক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এই হিসাব-নিকাশ করে থাকে। ২৩ বছর ধরে তারা এই মানি লিগ আয়োজন করে আসছে। তারা জানিয়েছে, ক্লাবগুলোর আয়ের শতকরা ৪৪ শতাংশই আসে সম্প্রচার স্বত্ব থেকে। সংস্থাটির বিশেষজ্ঞ ড্যান জোন্স বলেন, ‘সাম্প্রতিক সময়ে ফুটবল বাণিজ্যের আয় অন্য যেকোনো ব্যবসাকেই ছাড়িয়ে যাচ্ছে। শীর্ষ ২০টি ক্লাবের আয় সেটাই প্রমাণ করে। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, যখন কয়েকটি ক্লাব নিয়মিতই প্রতি বছরে ১০ মিলিয়ন পাউন্ডের বেশি রাজস্ব তুলবে।’

বার্সেলোনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাজার প্রতিযোগিতার সঙ্গে কিভাবে ফুটবলের মাঠ তাল মেলাতে পারে, তার সবচেয়ে ভালো প্রমাণ হলো বার্সেলোনা। শুধু সম্প্রচার থেকে আসা আয় নয়, বার্সেলোনা আয়ের জন্য আরো কয়েকটা ক্ষেত্রের ওপর নির্ভর করে থাকে।’