অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্বটা খুব ভালো হলো না। প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করেছিল আকবর আলীর দল। গতকাল দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তারা।
আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১১২ রানে অলআউট হয়েছিল। জবাবে মাঝে ৬ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত ২৯.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
বাংলাদেশ যুব দল আগে ব্যাট করতে নেমে শুরুতে দারুণ বিপর্যয়ে পড়ে। ১১ রানেই হারায় তারা ৪ উইকেট। এই প্রথম ৪ ব্যাটসম্যানের মধ্যে তিন জনই শূন্য রানে আউট হন। এরপর দলীয় ২৩ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে সামান্য একটু প্রতিরোধের চেষ্টা করেন তৌহিদ হূদয় ও আকবর আলী। হূদয় ৪৬ বলে ৩৬ রান করেন। আর আকবর ৪৫ বলের সংগ্রামে ২৩ রান করে আউট হন। শামীম এরপর এসে ২০ রানের ইনিংস খেলেন। এরপর আবার দ্রুত শেষ উইকেটগুলো হারিয়ে ফেলে বাংলাদেশ।
জো ফিল্ড ৩৫ রানে ৪টি উইকেট নেন। আর আদিত্য অশোক ৩৫ রানে ৩ উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে ১৬ রানেই নিউজিল্যান্ডের প্রথম উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। এরপর মারিউ ও লেম্যান একটা জুটি করে এগোন। ১ উইকেটে ৪৮ রান তুলে ফেলেছিলেন তারা। এখান থেকে বাংলাদেশকে একটা স্বপ্ন দেখান তানজিদ হাসান ও রাকিবুল হাসান। ২৫ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ফলে ৬৩ রানে ৬ উইকেট হারায় তারা। কিন্তু এখান থেকে আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক জেসি টাশকফ ৪১ রান ও সুন্ডে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তানজিদ ৩০ রানে নেন ৩ উইকেট। আর রাকিবুল ৩০ রানে তুলে নেন ২ উইকেট।
