ব্রিটিশ রাজরপরিবার ছাড়ার ঘোষণার পর প্রথমবারের মতো কানাডায় জনসম্মুখে দেখা গেল প্রিন্স হ্যারির স্ত্রী ডাসেচ অব সাকেক্স মেগান মার্কেলকে। মঙ্গলবার তিনি কানাডার ভ্যাঙ্কুবারের একটি নারীকেন্দ্র প্রদর্শন করেন। এ সময় ওই কেন্দ্রের নারী কর্মীদের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন। যে ছবি ওই নারীকেন্দ্রের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দেখ কে আমাদের সঙ্গে আজ চা পান করেছেন। তিনি ডাচেস অব সাসেক্স’ মেগান মার্কেল।’ সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এদিকে প্রিন্স হ্যারিকে বার্গার কিংয়ের পক্ষ থেকে খন্ডকালীন চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে! মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান বার্গার কিং একট টুইট বার্তায় এ কথা বলেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড টুইটার পেজ থেকে একটি টুইট করে বার্গার কিং। টুইটে প্রিন্স হ্যারিকে মেনশন করে তারা বলেছে, ‘হ্যারি, এই রয়্যাল ফ্যামিলি আপনাকে পার্ট টাইম পজিশন অফার করছে। টুইটে রয়্যাল ফ্যামিলি বলতে বার্গার কিং প্রতিষ্ঠানের কথাই বোঝানো হয়েছে। অর্থাত্ প্রকারান্তরে প্রতিষ্ঠানটিতে পার্ট টাইম কাজেরই প্রস্তাব দিয়েছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে টুইটটি। এরই মধ্যে প্রায় দেড় হাজার রিটুইট ও সাড়ে ৬ হাজার লাইক পড়েছে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি হঠাত্ করেই প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান এক বিবৃতিতে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এ ঘটনায় মর্মাহত রাজপরিবার সংকট সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে। এই দম্পতি বলেছেন, তারা পদ ছেড়ে দেওয়ার পর রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ (সোভেরেইন গ্র্যান্ট) আর গ্রহণ করবেন না। তারা আর্থিকভাবে স্বনির্ভর জীবন-যাপন করতে চান।
