আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে। সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গতকাল বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিত্সক দলের প্রধান ডা. ফিলিপ কোহ ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ডা. ফিলিপ কোহ জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। কাদেরের হূদ্যন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান তিনি।
এর আগে গত ১৩ জানুয়ারি বাইপাস সার্জারি পরবর্তী ফলো-আপ চিকিত্সায় মঙ্গলবার সিঙ্গাপুর যান। গত বছরের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। গতকাল বুধবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ওবায়দুল কাদের দেশে ফেরার কথা রয়েছে।
