ভোলার চরফ্যাসনে স্বামীর খোঁজে আসা এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কামাল মিস্ত্রির ছেলে রিকশাচালক নয়ন (২৩) ও আনছল হক মাঝির ছেলে মনির মাঝিসহ (২৫) তিন জনকে আসামি করে মঙ্গলবার রাতে চরফ্যাসন থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত নয়ন ও মনিরকে গ্রেফতার করে গতকাল বুধবার আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার রাতে থানা হেফাজতে থাকা ঐ গৃহবধূ জানান, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার নোয়াপাড়া গ্রামে। ঢাকায় একই গার্মেন্টেসে চাকরি করার সুবাদে চার বছর আগে চরফ্যাসনের পাটওয়ারী বাড়ির মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। দুই/তিন মাস আগে ঢাকার চিটাগং রোডের একটি ভাড়া বাসায় দুই সন্তানসহ তাকে রেখে স্বামী মিজান গা ঢাকা দেন। স্বামীকে খুঁজতে মঙ্গলবার সকালে তিনি চরফ্যাসনে আসেন। এক পর্যায়ে অভিযুক্ত মনির ও নয়ন তাকে স্বামীর বাড়ি চিনিয়ে দেবে বলে রিকশায় ওঠায়। পরে তাকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি সুপারিবাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা রাসেল নামের এক যুবক রাস্তায় দাঁড়িয়ে পাহারা দেয়।
চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফীন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে তত্পর রয়েছে পুলিশ।
