ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন নয়াদিল্লি সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার দুপুরে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার থেকে সারা ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার উদ্বোধন ও গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার শুরু হওয়ায় জয়শঙ্করকে ধন্যবাদ দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় জয়শঙ্করও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আখাউড়া-আগরতলা সীমান্ত পথে রেল যোগাযোগ ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্নের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন দুই মন্ত্রী। বৈঠককালে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এ টি এম রকিবুল হক উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
