বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক দুই আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া দুই আসামি হলো—মো. নাজমুল হাসান ও রাতুল শিকদার জয়। এদের মধ্যে নাজমুল এবছর এসএসসি পরীক্ষার্থী। এ মামলায় এখন পর্যন্ত পাঁচ অপ্রাপ্তবয়স্ক আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে প্রাপ্তবয়স্ক আসামি মিন্নিও জামিনে রয়েছেন। এ মামলার প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক।
এদিকে গতকাল বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিন জন। একই সময়ে মিন্নির জামিন বাতিল কেন হবে না—মর্মে আদালতের শোকজের জবাব দিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। পরে মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। শিশু আদালতে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন রিফাতের চাচা আবদুল আজিজ শরীফ ও বোন ইসরাত জাহান মৌ। রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু জানান, প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১, ২২ এবং ২৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। গত ১ সেপ্টেম্বর বিকালে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক—এ দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।
