সাঘাটায় নলকূপের (টিউবওয়েল) হাতল দিয়ে মাথায় আঘাত করে সাবানা বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে। সাবানা বেগম ঐ গ্রামের রোকনুজ্জামান রোকন মিয়ার দ্বিতীয় স্ত্রী।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, গতকাল ভোরে সাবানা বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ছেলে শিতল চিত্কার দেয়। ছেলের চিত্করে প্রতিবেশীরা এসে সাবানা বেগমকে দেখে পুলিশে খবর দেয়। এসময় সাবানার পাশে মাটিতে পড়ে ছিল নলকূপের হাতল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবানাকে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা জড়িত এ বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। গৃহবধূ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
