সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ বাড়িওয়ালা আটক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৩৫

সাভারের আশুলিয়ায় বকেয়া বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক ও তার সহযোগিরা এক নারী পোশাক শ্রমিককে (২৪) দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মো. কালামকে আটক করলেও অন্যরা পলাতক রয়েছে। সোমবার গভীর রাতে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। আটক বাড়িওয়ালা মো. কালাম (৪৫) পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী। সে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা। অন্যদিকে পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় ভাড়াটিয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিকের অভিযোগ, তিনি পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের একটি তৈরি পোশাক কারাখানায় চাকরি করেন। সোমবার রাতে পরিবহন চালক স্বামীকে নিয়ে তিনি নিজের ঘরেই ছিলেন। একপর্যায়ে রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম তার কয়েকজন সঙ্গিকে নিয়ে ডিসেম্বরের মাসের বকেয়া ২ হাজার টাকা ভাড়ার জন্য আসেন। এ সময় ঐ নারী শ্রমিক কারখানায় তাদের বেতন এখনো দেওয়া হয়নি বলে বাড়ির মালিককে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তার স্বামীকে পাশের ঘরে আটকে রেখে জোরপূর্বক তার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নেয় তারা। একপর্যায়ে বাড়ির মালিক ও তার সহযোগীরা ঐ নারী শ্রমিককে ধর্ষণ করে। এ ঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করে পুলিশ।

এদিকে সাভারে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ। গত ১২ জানুয়ারি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কামাল গার্মেন্ট রোড এলাকায় নয়ন মোল্লার বাড়িতে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা নয়ন মোল্লাকে (৭৫) আসামি করে থানায় একটি মামলা (নম্বর-৩০) দায়ের করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা মিলেছে।