বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের ১৮ দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহড়া গতকাল বুধবার শেষ হয়েছে। সমাপনী দিনে বঙ্গোপসাগরে সফলভাবে মিসাইল উেক্ষপণ করা হয়। ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৯’ নামে এই মহড়ার সমাপ্তি দিনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু থেকে মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। মহড়ায় ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোল ক্র্যাফট, মিসাইল বোটসহ বিপুল সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্র্যাফট, ও হেলিকপ্টার অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ড, সেনা ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। চারটি ধাপে অনুষ্ঠিত মহড়ায় ছিল নৌবহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ-স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া। নৌবাহিনীর বার্ষিক মহড়ার মূল বিষয় ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথের নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ। সমাপনী দিনের মহড়ায় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো.মাহফুজুর রহমানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
