না ফেরার দেশে জাতীয় কবির পুত্রবধূ উমা কাজী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৪৬

সাহিত্য ও নজরুল অনুরাগীদেরকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড়ো ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী। গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। খিলখিল কাজী ও মিষ্টি কাজী নামে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বাণী দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

খিলখিল কাজী জানিয়েছেন, আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে সমাহিত করা হবে। তিনি বলেন, আমার বোন মিষ্টি কাজী কলকাতায়। তিনি ফিরে এলে আজ বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

উমা কাজী দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৭৯ সালে কাজী সব্যসাচী মারা যান। তারপর থেকেই তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে বসবাস শুরু করে।