চট্টগ্রাম সিটি করপোরেশন ও জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনে আগামী মার্চে ভোটগ্রহণের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। একইদিন বা ভিন্ন দিনে এসব নির্বাচন হতে পারে। জাতীয় সংসদের আসনগুলো হচ্ছে—ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪। আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হবে। এটি ইসির ৫৮তম সভা। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, আগামী ২১ জানুয়ারি কমিশন সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনের বিষয়ে এজেন্ডাভুক্ত রয়েছে। ভোটগ্রহণ কবে হবে তা ঐ সভায় মাননীয় কমিশন সিদ্ধান্ত দিতে পারেন।
জানা গেছে, কমিশনের ৫৮তম সভায় চারটি এজেন্ডা রয়েছে। সেগুলো হচ্ছে—গণপ্রতিনিধিত্ব আইন, ২০২০-এর খসড়া বিল অনুমোদন, গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তারিখ নির্ধারণ সংক্রান্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও জাতীয় সংসদের তিনটি আসনে আগামী মার্চ মাসে ভোটগ্রহণের চিন্তা করছে কমিশন। এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা এবং এরপরে রমজান ও ঈদ রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে মার্চে ভোটগ্রহণ হতে পারে। সেটি হলে ২১ জানুয়ারি তপশিল চূড়ান্ত করা হতে পারে। এ মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে ঘোষণা করা হবে তপশিল।
