নগর সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার এ-সম্পর্কিত সম্পূরক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের হাতে যে ক্ষমতা দেওয়া আছে তাই যথেষ্ট, তাদের দায়িত্ব পালনে কোনো অসুবিধা নেই।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘দেশের প্রেক্ষাপটে শহর, নগর, গ্রামগুলো কীভাবে উন্নয়ন করা দরকার, এ ব্যাপারে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। বিশিষ্টজনেরা বিভিন্ন মতামত দিয়েছেন, সবগুলো বিবেচনা করে আমাদের সিটি করপোরেশন এবং পৌরসভা, ইউনিয়ন উপজেলাসহ সবগুলোকে বিভিন্নভাবে ক্ষমতায়ন করা হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের সিটি করপোরেশনকে সক্ষমতা অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
ঢাকার চারপাশে নদীগুলোর পানি দূষণমুক্ত রাখতে চারটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে
এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী সংসদকে জানান, ঢাকার চারপাশের নদীগুলোর পানি দূষণমুক্ত রাখতে একটি মহাপরিকল্পনার আওতায় চারটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। ঢাকা ওয়াসা ইতিমধ্যে একটি সুয়ারেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে বর্তমানে ‘দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পয়ঃশোধনাগার নির্মাণাধীন রয়েছে, যা সমাপ্ত হলে সরাসরি পয়ঃবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে।
