রাজস্ব আদায়ে পরিকল্পনা মাফিক এগোতে চান এনবিআরের নতুন চেয়ারম্যান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:১৯

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে গতকাল বৃহস্পতিবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়সহ এনবিআরের সার্বিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে রাজস্ব আদায়ে কঠোর মনোভাবের পরিবর্তে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। রাজস্ব আদায়সহ সার্বিক কার্যক্রমে এনবিআরের সামনে আগামী দিনের চ্যালেঞ্জ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ দেখছি না।’ অবশ্য এনবিআরের বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়গুলো ভালোভাবে বুঝে তারপর এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু রাতারাতি পরিবর্তন করতে গেলে ভালো ফল আসে না।

এ সময় ইআরএফের সিনিয়র সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জামাল উদ্দীন, ইআরএফের সাবেক সাধারণ সম্পাদক আবু কাওসার, বদিউল আলম, বর্তমান সহসভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। চলতি ২০১৯-২০ অর্থবছরের ইতিমধ্যে পার হওয়া ছয় মাসে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি আসেনি। এ পরিস্থিতিতে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনই নতুন চেয়ারম্যানের জন্য অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।