যুদ্ধবিরতি সত্ত্বেও ইদলিবে বিমান হামলা, নিহত ১৮

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:২২

সিরীয় বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরের একটি বাজারে ও শিল্প এলাকায় বিমান হামলায় কমপক্ষে ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর বিমানগুলো এসব হামলা চালিয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। চলতি মাসের প্রথম দিকে রাশিয়া ও তুরস্কের উদ্যোগে একটি সাময়িক যুদ্ধবিরতি সত্ত্বেও এ বিমান হামলা চালানো হয় বলে অভিযোগ এসওএইচআরের।

ইদলিব সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একই নামের একটি প্রদেশের রাজধানী। এই প্রদেশটিই সিরিয়ার একমাত্র অঞ্চল যেটি এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে চালানো সর্বশেষ বিমান হামলার বিষয়ে সিরিয়ার সরকার বা তাদের মিত্র রাশিয়া কোনো মন্তব্য করেনি। এসওএইচআর জানায়, বুধবার ব্যস্ত আল হাল বাজার ও ইদলিব শহরের শিল্প এলাকায় বোমাবর্ষণ করা হয়।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানায়, ঐ শিল্প এলাকায় বোমাবর্ষণে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, গাড়িগুলোর চালকরা ভিতরে থাকা অবস্থায়ই নিহত হন। মুস্তফা নামে এক গ্যারেজমালিক জানান, কিছু স্পেয়ার পার্টস কিনতে গিয়েছিলেন তিনি, তখনই বিমান হামলা হয়। ফিরে এসে তিনি দেখেন, তার গ্যারেজ ধ্বংস হয়ে গেছে এবং চার কর্মচারী ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়েছে। তিনি বলেন, ‘মাত্র দুই মিনিট আগে আমি দোকান ছেড়ে গিয়েছিলাম।’

হতাহতদের মধ্যে শিশু ও উদ্ধারকর্মীও আছেন বলে এসওএইচআর জানিয়েছে। ইদলিব প্রদেশের অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে বলে বিদ্রোহীদের সমর্থক বার্তা সংস্থা স্টেপ জানিয়েছে। তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে সমঝোতা হওয়া যুদ্ধবিরতিটি রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ইদলিব প্রদেশ পুনরুদ্ধার করার দৃঢ় প্রত্যয় জানিয়েছে সিরিয়ার সরকার। সেখানে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সবচেয়ে শক্তিশালী জঙ্গি গোষ্ঠীটি ঘাঁটি গেড়েছে বলে অভিযোগ রয়েছে।