উড়ন্ত গাড়ি তৈরিতে বিনিয়োগ করছে টয়োটা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:২৬

 

জাপানের বৃহত্ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা বৃহস্পতিবার জানিয়েছে, তারা বিদ্যুত্ চালিত উড়ন্ত গাড়ির বাণিজ্যিক বিকাশে একটি কোম্পানিতে প্রায় ৪০ কোটি ডলার বিনিয়োগ করছে। দ্রুত, শান্তিপূর্ণ ও সাশ্রয়ী আকাশ পরিবহন সেবার জন্য তারা এটা করছে।  দ্রুত এ শিল্প রূপান্তরিত হওয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নতুন বিভিন্ন খাত সম্প্রসারণে নজর দেওয়ায় জোবি এভিয়েশনে তারা এ বিশাল অর্থ বিনিয়োগ করছে। টয়োটার প্রেসিডেন্ট আকিও টোয়োডা বিনিয়োগের এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘অটোমোবাইল ব্যবসায়ে আমাদের কাজ অব্যাহত থাকলেও টয়োটা দীর্ঘ দিন ধরে উড়ন্ত পরিবহন তৈরির পরিকল্পনা করে আসছে। আকাশ পথে চলার উপযোগী যানবাহন তৈরির ক্ষেত্রে নজর দেওয়ায় এই চুক্তি করা হয়। এই নতুন ও রোমাঞ্চকর প্রচেষ্টার মাধমে আমরা গ্রাহকদেরকে সড়ক ও আকাশ পথে যে কোনো স্থানে যাওয়ার সুযোগ করে দেওয়ার আশা করছি।’ ২০০৯ সালে অর্থায়ন করা জোবি অ্যাভিয়েশন চার জন বহন করার ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্চালিত একটি উড়ন্ত গাড়ি তৈরি করছে। এটি হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।             —এএফপি