ভারত-শাসিত কাশ্মীর নিয়ে সমালোচনা করায় মালয়েশিয়া থেকে পামঅয়েল আমদানি বন্ধ করার পর এবার তুরস্ক থেকেও বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দিল্লি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানা গেছে।
ভারত জানিয়েছে, এরই মধ্যে তারা মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ পামঅয়েল আমদানি বন্ধ করেছে। আর এ যাত্রায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। তারা আগামীতে আঙ্কারা থেকে তেল ও গ্যাসসহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার পথে যাচ্ছে। এ বিষয়টির কারণ হিসেবে যে জিনিসটি উঠে আসছে তা হচ্ছে কাশ্মীর নিয়ে মুসলিম এ দেশ দুটির সমালোচনা। আর এ কারণেই তারা এখন ভারতের রোষানলে পড়েছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, পামঅয়েল আমদানির ক্ষেত্রে তারা মালয়েশিয়ার পরিবর্তে অন্য কোনো দেশ থেকে এর চাহিদা পূরণ করবেন। এ নিয়ে সংশ্লিষ্ট আমদানিকারকদের নির্দেশনাও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পামঅয়েলের পর মালয়েশিয়া থেকে পেট্রোলিয়াম, অ্যালুমিনিয়াম, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি), কম্পিউটার যন্ত্রাংশ ও মাইক্রোপ্রসেসর আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে নয়াদিল্লি। তারা বলেন, মালয়েশিয়া ও তুরস্ক কাশ্মীর ইস্যুতে যে মন্তব্য করেছে তা সরকার ভালোভাবে নেয়নি। তাই উভয় দেশ থেকে আমদানির ওপর বিধিনিষেধ আরোপ হবে। তবে বিষয়টি নিশ্চিত হতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে মন্তব্য জানতে চাওয়া হলে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, ভারত জম্মু-কাশ্মীরে সামরিক আগ্রাসন চালিয়ে ঐ এলাকা দখল করে নিচ্ছে। এছাড়া ‘কাশ্মীরিরা দৃশ্যত অবরুদ্ধ’ বলে সম্প্রতি মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর থেকেই দুই দেশের সঙ্গে ভারতের টানাপড়েন শুরু হয়। গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদী সরকার। আর এরপর থেকেই বিভিন্ন মুসলিম দেশ এর সমালোচনা করতে থাকে।
