সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ভারতের হয়ে না খেলা ধোনির জায়গা হয়নি কোন ক্যাটাগরিতেই। বিপরীতে ৭ কোটি রুপির এ প্লাস ক্যাটাগরিতে আছেন তিনজন, বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরা।
সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বিসিসিআই গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নতুন চুক্তির ২৭ জনের তালিকা জানায়। এতে বিশ্বকাপ জয়ী ধোনির জায়গা না হওয়ায় ভারতের হয়ে তার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যদিও গেল বছরও এ ক্যাটাগরিতে ছিলেন তিনি।
চুক্তিপত্র থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক, আম্বাতি রায়ুডু, খলিল আহমদ। প্রথমবার চুক্তিতে এসেছেন মায়াঙ্ক আগারওয়াল, নবদীপ সাইনি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার।
অনেকদিন ধরেই ধোনির ভবিষ্যত্ নিয়ে জল্পনা চলছে। এ ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন সেটা ধোনিই বলতে পারবেন। কিন্তু বোর্ড তার সাথে কথা বলেছে কি না তা জানা যায়নি। বরং সফররত অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে আজ শুক্রবার রাজকোটে অনুষ্ঠিত হতে যাওয়া খেলাটির আগেই নতুন তালিকা প্রকাশ করলো ভারতীয় ক্রিকেটের নিয়ামকরা।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। খেলেছেন ৯০ টেস্ট। এরপর ২০১৭ সালের জানুয়ারীতে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। অবসর না নিলেও বিশ্বকাপের পর আর খেলেননি।
চুক্তিবদ্ধ ক্রিকেটাররা
এ প্লাস (বছরে ৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ।
এ (বছরে ৫ কোটি রুপি): রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, রিশাভ পন্থ।
বি (বছরে ৩ কোটি রুটি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চেহেল, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল।
সি (বছরে ১ কোটি রুপি): কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার,মনিশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর।
