‘কষ্টার্জিত’ জয়ে চতুর্থ রাউন্ডে টটেনহ্যাম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৩৭

আগের লেগে পিছিয়ে পড়েও মিডলসবোরোর বিপক্ষে ড্র এফএ কাপে টিকিয়ে রেখেছিল টটেনহ্যাম হটস্পারকে। গত বুধবার রাতে দ্বিতীয় লেগে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে কোচ হোসে মরিনহোর দল। নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জিওভানি লো সেলসোর গোল এগিয়ে দেয় দলটিকে। এরপর ১৫ মিনিটে এরিক লামেলা ব্যবধান দ্বিগুণ করেন স্পার্সদের। ৮৩ মিনিটে মিডলস বোরো ব্যবধান কমালে বিপাকেই পড়ে স্বাগতিক দলটি। আরেকটা গোল হজম করলেই বিদায় নিতে হতো যে! তবে সে ব্যবধান ধরে রেখেই জয় পরের রাউন্ডে তুলে দেয় মরিনহোর শিষ্যদের। স্পার্স কোচ বলেন, ‘আমি বিরতির সময়ে খেলোয়াড়দের বলেছিলাম যদি আমরা তৃতীয় গোলটা না পাই তাহলে সমস্যায় পড়তে হবে। তারা পরে গোল করায় সেটাই হয়েছিল।’