জাতীয় অ্যাথলেটিক্স

শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ইসমাইল-শিরিন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৪১

বাংলাদেশ নৌ-বাহিনীর মো. ইসমাইল হোসেন ও শিরিন আক্তার চট্টগ্রামে শুরু হওয়া ৪৩তম জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ও মানবী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে উদ্ধোধনী দিনে ১২টি ইভেন্টের নিষ্পত্তি হয়। এর মধ্যে প্রতিযোগিতার আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে নৌ-বাহিনীর অ্যাথলিটদ্বয় শ্রেষ্ঠত্ব দেখান।

ইসমাইল ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। গত আসরে তিনি সময় নিয়েছিলেন ১০.২৬ সেকেন্ড। বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া (১০.৫০) দ্বিতীয় ও নৌবাহিনীর এমএ রউফ (১০.৬০) তৃতীয় হন। শিরিন প্রথম হতে সময় নেন ১২.১০ সেকেন্ড। জাতীয় অ্যাথলেটিক্সের গত আসরে তার  সময় ছিল ১১.৮০ সেকেন্ড। ২০০৫ সালের পর ঢাকার বাইরে আয়োজিত এই টুর্নামেন্টে কোন ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার হচ্ছে না। তার ওপর ঘাসের মাঠে হচ্ছে তিনদিনের এ প্রতিযোগিতা। গতকাল প্রথম দিনশেষে পদক তালিকার ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে শীর্ষে রয়েছে নৌ-বাহিনী। সেনাবাহিনী ৩ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৪ তাম্র নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে আনসার ও ভিডিপি (১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র)।