কাহারোলের ১২১ বিদ্যালয় সজ্জিতকরণ

দেওয়ালে আঁকা ছবি ও বর্ণে শিখছে শিশুরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:১৫

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ভবন নানা রঙে সাজানো হয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষে বাংলা ও ইংরেজি রঙিন বর্ণ, মনীষীদের বাণী, গণিতের বিভিন্ন চিহ্ন, আকার-আকৃতি, নামতার ধারণা, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সাত জন বীরশ্রেষ্ঠের ছবি, পাঠ্যবইয়ের বিভিন্ন ছড়া ও শব্দ লিখে শিশুদের উপযোগী করে সাজানো হয়েছে। প্রতিটি দেওয়াল যেন এক একটি পাঠ্যবইয়ের পাতা।

রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শোভা রানী, শাবরিনা ও জুঁই জানায়, বিদ্যালয়ের ভবনে লেখা ও ছবিগুলো দেখতে তাদের ভালো লাগে। দেওয়ালের আঁকা ছবি দেখে তারা বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ ও গুণীজনদের চিনতে পারছে। পাঠ্যবইয়ের নানা বর্ণ, অঙ্ক ও চিহ্ন দেওয়ালে দেখে দেখে তারা শিখতে পারছে।  রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এতে শিক্ষার্থীদের নজরকাড়া সাড়াও মিলছে। বিদ্যালয়ের দেওয়ালে আঁকা ছবি ও লেখা দেখে দেখে নিজ খাতায় তুলে ধরে শিশুরা। দেওয়ালের লেখা ও ছবি দেখে আঁকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় প্রতিযোগিতাও দেখা যায়। রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক জানান, বিদ্যালয়ের দেওয়াল ও ক্লাসরুম পাঠ্যবইয়ের পাতার মতো করে গড়ে তোলা হয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি দেওয়ালে লেখা বর্ণ, ছবি ও চিহ্নগুলো শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগী হচ্ছে। সাজানো বিদ্যালয় ভবন ও ক্লাসরুম দেখে শিক্ষার্থীরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে পারছে।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বলেন, শিশুরা দেওয়ালের এসব ছবির সঙ্গে পরিচিত হচ্ছে। পাঠ্যবইয়ের পাশাপাশি দেওয়ালের ছবি ও বর্ণ দেখে নানা বিষয়ে শিখতে পারছে। কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাজাহান জানান, বিদ্যালয় মেরামত কাজে বরাদ্দ দিয়ে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ও ক্লাসরুম সজ্জিতকরণের কাজ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিদিন মনিটরিং করা হচ্ছে।