সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার

বায়োমেট্রিক মেশিন অচলের দায়ে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বরখাস্ত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৩

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বায়োমেট্রিক মেশিন অচল করে দেওয়ার অভিযোগে পরিচ্ছন্নতা কর্মী মো. ফারুক মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে থানায় অভিযোগও দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোর ৫টা ৫৭ মিনিটের দিকে একটি সিরিঞ্জের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে স্থাপিত বায়োমেট্রিক মেশিনটিতে পানি ঢুকিয়ে দেয় পরিচ্ছন্নতা কর্মী মো. ফারুক মিয়া। হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিত্সক মো. শওকত হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে কর্মরতরা হাজিরা দেওয়ার জন্যে উপস্থিত হয়ে দেখতে পান মেশিনটি অচল। এর ভেতর থেকে পানির ফোঁটা পড়ছে। ভেতরেও পানি আছে বলে বোঝা যায়। পরে আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখি, পরিচ্ছন্নতা কর্মী ফারুক সিরিঞ্জের মাধ্যমে এটিতে সকাল ৫টা ৫৭ মিনিট থেকে ৬টার মধ্যে পানি ঢুকিয়েছে। ঐ দিনই পরিচ্ছন্নতা কর্মী মো. ফারুক মিয়াকে সরকারি সম্পদ নষ্ট করার অপরাধে সাময়িক বরখাস্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়েছি। এরপরই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’