দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মজুরি কমিশন বাস্তবায়নের স্লিপ পেয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে স্ব স্ব মিলে গেট সভার মধ্যে দিয়ে শ্রমিক নেতা ও মিলের কর্মকতারা এই স্লিপ বিতরণ করেন। শ্রমিক আব্দুস সালাম মিয়া বলেন, এবার ছেলে-মেয়েদের নিয়ে দুই বেলা দুমুঠো ভাত খেতে পাব। সন্তানদের স্কুলে পাঠাতে পারব। প্লাটিনাম জুবিলি জুট মিলের মহাব্যবস্থাপক মোহম্মদ গোলাম রব্বানী বলেন, স্ব স্ব মিলে গেট সভার মাধ্যমে শ্রমিক নেতাদের উপস্থিতিতে মিলের কর্মকর্তারা সাধারণ শ্রমিকদের মধ্যে মজুরি কমিশনের স্লিপ বিতরণ করেছেন।
বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা বলেন, করপোরেশনের নির্দেশনা অনুযায়ী খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের বৃহস্পতিবার মজুরির প্রথম স্লিপ দেওয়া হয়েছে। নতুন মজুরি স্কেল অনুযায়ী শ্রমিকদের ৮০ থেকে ৮৫ শতাংশ মজুরি বাড়বে।
