চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনের বাসা থেকে দুটি পাইপগান ও দুই রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে তার বাড়ি সৈয়দ টাওয়ার থেকে এ সব জব্দ করা হয়। গত ৫ জানুয়ারি ব্যবসায়ী কালাম হোসেনের দায়ের করা মামলায় পাঁচ সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র জব্দ করে। তাকে আদালতে নিলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, রিমান্ডের প্রথম দিনে সে এসব অস্ত্রের কথা স্বীকার করে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
