পূজার দিনে ভোট গ্রহণ অন্যায় ------------ ড. কামাল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:৪৩

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, কোনো ধর্মীয় উত্সবের সময় নির্বাচনের আয়োজন করা মেনে নেওয়া যায় না। সরস্বতী পূজার দিনে ঢাকা সিটির নির্বাচনের তারিখ রাখা সরকারের অন্যায় কাজ। এমন ঘটনা অতীতে কোনো দিন হয়নি। ঈদ ও পূজার দিন যদি নির্বাচন হয় সেটা সরকারের গাফিলতি ও ব্যর্থতা। ভোটের তারিখ পরিবর্তনে শিক্ষার্থীদের কর্মসূচিতে নীতিগতভাবে তাদের পক্ষে আছি।

তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনাই করা যায় না। তাই সরকারের সাংবিধানিক কর্তব্য হলো একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। অতীতে আমরা লক্ষ্য করেছি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। গত জাতীয় নির্বাচনে এসব পাইকারি হারে লঙ্ঘন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে মতিঝিলে চেম্বারে  জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন আরো বলেন, এ দেশের জনগণ নির্বাচনের পক্ষে। কারণ এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করতে পারে। তবে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন ছাড়াই মালিকানা নিশ্চিত হবে না।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থী মন্ত্রী-এমপিদের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করা এবং ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থীদের নির্বাচনী গণসংযোগে বাধা এবং হামলা প্রমাণ করে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির   স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, সুব্রত চৌধুরী, জেএসডি কার্যকরী সভাপতি আনিছুর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, নাগরিক ঐক্যের শহীদউল্লা কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমুখ।