ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার মোতায়েনের সুবিধার্থে এ সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এ চিঠি পাঠিয়েছে ডিএমপি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএমপি কমিশনারের পক্ষে চিঠি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়। চিঠিতে বলা হয়, ভোট গ্রহণের দিনে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা প্রয়োজন হবে। নির্বাচন ডিউটি যথাযথভাবে সম্পন্ন করে বাণিজ্য মেলার জন্য আলাদা ফোর্স মোতায়েন করা সম্ভব হবে না। এসব বিষয় বিবেচনা করে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সুপারিশ করা হয় চিঠিতে।
