পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ রাষ্ট্রদ্রোহ মামলায় মৃত্যুদন্ডের সাজার বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার সংবিধানের ৬ ধারার অধীনে তার বিরুদ্ধে দেওয়া বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে এই আবেদন করেন।
৯০ পৃষ্ঠার ফৌজদারি আবেদনে সাবেক সামরিক শাসক বিশেষ আদালতের রায় বাতিলের আহ্বান জানিয়েছেন। লাহোর হাইকোট এই বিশেষ আদালতকে অসাংবিধানিক উল্লেখ করার একদিনের মাথায় এই আপিল করলেন তিনি। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিচারকদের দ্বিধাবিভক্ত রায়ে একটি বিশেষ আদালত মোশাররফকে মৃত্যুদন্ডের সাজা দেয়। পকিস্তানের ইতিহাসে প্রথমবারের কোনও সামরিক শাসককে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এর ফলে দেশটির সামরিক বাহিনীর ভেতর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাছাড়া একজন বিচারপতি তার রায়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
আপিলে সাবেক সেনাপ্রধান দাবি করেছেন, সংবিধান লংঘন করে ও ১৮৯৮ সালে দণ্ডবিধি অনুসারে যেহেতু এই বিচার হয়েছে তাই বিশেষ আদালতের রায় গ্রহণযোগ্য নয়। আবেদনে মোশাররফ আরও উল্লেখ করেছেন, আদালত উপযুক্ত যে ব্যবস্থা নেবেন তা তিনি মেনে নেবেন। উল্লেখ্য, ১৯৯৯ সালে তত্কালীন নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মোশাররফ। ২০১৪ সালের মার্চে পুনরায় ক্ষমতায় এসে তার বিরুদ্ধে মামলা করেন নওয়াজ। -দ্য ডন
