চট্টগ্রামে ডিজিটাল ভোট ডাকাতির প্রস্তুতি ম্যাচ সম্পন্ন করেছে সরকার --------------- রিজভী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০০:৩৩

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির আশঙ্কা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরই মধ্যে দেশবাসী দেখেছে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট ডাকাতির উত্সব। চট্টগ্রামে ডিজিটাল ভোট ডাকাতির প্রস্তুতি ম্যাচ সম্পন্ন করেছে সরকার। এবার ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোট ডাকাতির প্রস্তুতি চলছে ঢাকার দুই সিটিতে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, মত্স্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ।

তিনি বলেন, প্রচারণার সময়ে গ্রেফতার অভিযান করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন। এখন গ্রেফতার চলছে, অভিযানও চলছে, আক্রমণ চলছে, হামলা চলছে এবং হামলার মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ তারা সৃষ্টি করেছে। প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে সরকারি দলের প্রার্থীরা। বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, ৭৫ বছর বয়স্ক দেশনেত্রীর জীবন প্রতি মুহূর্তে শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের মদদে তার গুরুতর অসুস্থতা গোপন করা হচ্ছে।