ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০০:৪২

গত বছরজুড়ে তিক্ত সম্পর্কের মধ্যেও ভারত সফরের আমন্ত্রণ পেতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্যই ভারত সরকার ইমরানকে আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এবছর এসসিও সম্মেলনের আয়োজক দেশ ভারত। নয়াদিল্লিতে সম্মেলনটি আয়োজিত হবে। এতে এসসিও-র ৮ দেশ ও ৪ পর্যবেক্ষকসহ অন্যান্য আন্তর্জাতিক সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে বলে গতকাল জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, প্রোটোকল অনুযায়ীই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হবে। -এনডিটিভি