রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়েন সাধারণ মানুষ। এমনই এক সংবাদের শিরোনামে এবার এলেন বলিউড তারকা সোনম কাপুর।
লন্ডনে অ্যাপ ক্যাব বুক করে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলেন এই অভিনেত্রী।
টুইটার হ্যান্ডেলে সোনম লিখেছেন, ‘উবার লন্ডনে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। প্লিজ, প্লিজ আপনারা সবাই সাবধান থাকবেন। নিরাপদ থাকার জন্য অ্যাপ ক্যাব নয়, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন।’
এই টুইটের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। সোনম আরো বলেন, ‘গাড়ির চালক একেবারেই স্বাভাবিক ছিলেন না। প্রথম থেকেই অকারণে ভীষণ জোরে চিত্কার করছিল সে। আমি ভয়ে কাঁপছিলাম।’
প্রিয় অভিনেত্রী এ রকম ঘটনার সম্মুখীন হওয়ায় ভক্তরাও চিন্তিত। একজন লিখেছেন, ‘খুব খারাপ লাগছে শুনে। আমিও কিছু দিন আগে ঠিক একইরকম ঘটনার সম্মুখীন হয়েছি, লন্ডনেই।’ আর একজনের বক্তব্য, ‘শুধু লন্ডনেই নয়, ভারতেও এ রকম ঘটনা দেখতে পাওয়া যায়।’
ঘটনা এখানেই শেষ নয়। সোনম পাল্টা টুইট করে ওই সংস্থাকে বলেন, ‘বহুবার আপনাদের অভিযোগ জানানোর চেষ্টা করেছি। কোনো লাভ হয়নি। প্রত্যেকবার বট রিপ্লাই দিয়েছে। ইউ গাইজ নিড টু আপডেট ইওর সিস্টেম। যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এখন আর আপনারা কী করবেন।’
গতবছর থেকেই বিভিন্ন কাজের জন্য মাসে কয়েকবার লন্ডন যেতে হচ্ছে এ অভিনেত্রীকে। তবে এ ধরনের ঘটনার সম্মুখীন হলেন এই প্রথমবার।
