ছুটির দিনে ডিজিটাল বাংলাদেশ মেলায় দর্শনার্থীদের ভিড়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:৫৮

মাহবুব শরীফ

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলায় দর্শনার্থীদের ভিড় জমেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের ঢল দেখা যায়। 

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় অত্যাধুনিক প্রযুক্তির প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক ক্যাবলে ফোন লাইন, ইন্টারনেট ও টেলিভিশন সংযোগ), মোবাইল অ্যাপ, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও নতুন ডিজিটাল প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ মেলার উদ্বোধন করেন।

জেডটিই, হুয়াওয়ে, নকিয়া ও এরিকসন তাদের ফাইভ-জি প্রযুক্তি প্রদর্শন করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবা দেখাচ্ছে দর্শনার্থীদের। মেলায় অত্যাধুনিক প্রযুক্তির টিভি ও মোবাইলসহ নানা পণ্য কিনছে দর্শনার্থীরা। এতে আইটি খাতের উদ্যোক্তারাও এসেছেন। 

ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণে অগ্রগতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবটিকস, বিগডেটা, ব্লকচেইন ও ফাইভ-জির বিস্ময়কর প্রভাব এ মেলায় উঠে আসছে। 

মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে অন্যতম আয়োজন ছিল বিভিন্ন সেমিনার। ‘উদ্ভাবক ও উদ্যোক্তা: ভবিষ্যত্ বাংলাদেশের চালিকাশক্তি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনৈতিক কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তন বা আমাদের সরকারের অর্জনগুলো মুজিববর্ষে বিশ্ববাসীর কাছে তুলে ধরব। এতে আমাদের ব্র্যান্ডিং হবে।’

বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয় মন্তব্য করে মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লিডার পেয়ে সত্যিই আমরা ভাগ্যবান। তিনি যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। তার এই দূরদর্শিতার কারণে এখন আমাদের অর্থনীতি আর দরিদ্র নয়।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার কর্মপরিকল্পনা তথা কূটনৈতিক অর্থনীতির বিষয়টি তুলে ধরেন। বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ইকোনমিক ডিপ্লোম্যাসি ও পাবলিক ডিপ্লোম্যাসিতে এক্সপোর্ট, বিনিয়োগ, জনশক্তি তৈরিতে জোর দিয়েছি। স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে বদলে যাবে অর্থনীতি।’ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’।

মেলায় জেডটিই, হুয়াওয়ে, নকিয়া ও এরিকসন ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিমেডিসিন ও এটিএম সেবা দেখাবে। ইন্টারনেট সেবাদাতাসহ (আইএসপি) ৮২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে থাকছে ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন।

ডিজিটাল বাংলাদেশ মেলায় যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে বলে আয়োজকরা জানান। ঢাকার উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় বাসগুলো মেলার উদ্দেশ্যে ছেড়ে আসে। মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে রাত ৮টায় বাসগুলো আবার ফিরতি রুটে চলাচল করবে।

উল্লেখ্য, www.digitalbangladeshmela.org.bd ওয়েব লিঙ্কে ঢুকে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে মেলা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মেলাটি শেষ হবে আজ (১৮ জানুয়ারি) রাত ৮টায়। তিন দিনব্যাপী আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আইএসপিএবি’র উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।