কংস নদীতে নেই পাকা সেতু ভোগান্তিতে স্থানীয়রা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫০

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা, দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলায় যাতায়াতের জন্য সীমানাস্থল ডেউটুকুনে কংস নদীর ওপর পাকা সেতু বা কোনো ধরনের সেতু না থাকায় আজও নৌকা দিয়েই পারাপার চলছে। ফলে জনসাধারণের চলাচলসহ যানবাহন পারাপারে যেমন সমস্যা হচ্ছে তেমনি অতিরিক্ত সময়ও লাগছে। এছাড়া ঘটছে দুর্ঘটনা। বাড়ছে ভোগান্তি।

নেত্রকোনা থেকে পূর্বধলা হয়ে দুর্গাপুর যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। আর নেত্রকোনার চাঁনখার মোড় হয়ে দুর্গাপুর যেতে সময় লাগে এক ঘণ্টা। কিন্তু সেতু না থাকায় নৌকা দিয়ে পারাপারের কারণে এখানে আরো অতিরিক্ত ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় বেশি লাগছে। এই এলাকার শামসু মিয়া বলেন, কংস নদীর ওপর পাকা সেতু নির্মাণের জন্য সরকারের কাছে বারবার দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। সীমানাস্থল ডেউটুকুনে কংস নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদর বলেন, বর্ষার সময় যানবাহন পারাপারের জন্য একটি ফেরি দেওয়া হয়েছে। পাকা সেতু নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থ বরাদ্দ পেলে কাজ হবে।