কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সংঘবদ্ধ চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। নগরীর শাকতলা এলাকায় গতকাল বিকালে র্যাব-১১, সিপিসি-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ ডিসেম্বর ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। এ মামলার বিষয়ে র্যাব-৪-এর সদস্যরা প্রাথমিক তদন্ত শুরু করেন। একপর্যায়ে আসামিদের অবস্থান কুমিল্লায় হওয়ায় অভিযানে নামেন র্যাব-১১, সিপিসি-২-এর সদস্যরা। গতকাল শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাস টার্মিনাল থেকে সোহেল (৩২) নামে একজনকে গ্রেফতার করেন তারা। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কালামইর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরো ছয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর সদস্যরা হচ্ছে কুমিল্লার মুরাদনগর থানার বাখরাবাদ গ্রামের জাকির হোসেনের ছেলে মহরম আলী (২১), নলচৌমুহনী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে সিরাজ মিয়া (২৩), পালাসুতা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সুমন (২১), নিয়ামতপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে কাউসার (১৯), দেবীদ্বার উপজেলার আলোকপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে মোশাররফ (৩০) এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ব্রুপঝাড় গ্রামের মৃত ছাবের আলীর ছেলে শুকুর আলী (২৩)।
এ বিষয়ে কুমিল্লার র্যাব-১১ ও সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনায় সম্পৃক্ত। সংঘবদ্ধ এই দলে ১০-১২ জন সদস্য রয়েছে। চক্রের অপর সদস্যদের গ্রেফতারেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
