সৈয়দপুরে ফসলের মাঠজুড়ে সরিষা ফুল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৬

ভালো ফলনের আশা চাষিদের

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী জেলার সৈয়দপুরে মাঠে মাঠে এখন অপরূপ সৌন্দর্য বিলাচ্ছে সরিষা ফুলের হলুদ সমারোহ। হেমন্তের শিশির ঝরা ফুলের পাঁপড়িতে শীতের সকালে রোদের ঝিলিক আর বাতাসে সরিষা ফুলের সৌরভ ছড়াচ্ছে চারদিকে। এদিকে বোরো বীজতলা তৈরির কাজ চলছে পুরোদমে। তাদের এখন ব্যস্ততার কমতি নেই।  এ অঞ্চলে কৃষকদের ঘরে আমন ধান উঠালেও দাম কম হওয়ায় তাদের মুখে হাসি নেই। অন্যান্য ফসলের মতো সরিষা চাষের দিকে উপজেলার কৃষকরা ঝুঁকে পড়েছে।

কৃষকেরা জানান, সরিষা চাষে খরচ অন্য সব ফসলের চেয়ে বেশ কম। সরিষা বোনা, সার দেওয়া আর কেটে ঘরে আনা ছাড়া তেমন কোনো কাজ নেই। এক বিঘা জমিতে প্রায় সাত থেকে আট মণ সরিষা হয়। বিঘা প্রতি সরিষা ঘরে তোলা পর্যন্ত খরচ হয় সর্বোচ্চ ৩ হাজার টাকা। আর বাজারে বর্তমানে এক মণ সরিষার দাম রয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন প্রত্যাশিত হওয়ার আশা করছেন চাষিরা।