রাবিতে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ অনার্সের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার। অন্যদিকে শীতকালীন ছুটি শেষে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। ক্লাস শুরুর পরই নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরই মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সব ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস হবে। 

এদিকে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে আগামী ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হবে। ১৬ জানুয়ারি ছুটি শেষ হলেও দুই দিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস পরীক্ষা ১৯ জানুয়ারি শুরু হচ্ছে।