বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে বালু উত্তোলন করায় ইজারাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদের আদালত এ জরিমানা করে। এ সময় একটি ড্রেজার ভেঙে ফেলা হয়।
জানা যায়, মুসলিম ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম শামীমকে নদী থেকে বালু উত্তোলন অবস্থায় আদালত পরিচালনা করে জরিমানা করা হয় ও ড্রেজারটি আটক করা হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বালু কাটবে না এ মুসলেকা দিলে ড্রেজারটি ছেড়ে দেওয়া হয়। একই দিন বাইশারী এলাকার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে ভাই ভাই ট্রেডার্সের ইজারাদার হাসান হোসেন ড্রেজার চরে রেখে পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ ড্রেজারটি ভেঙে ফেলে।
একই দিন দুপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে দক্ষিণ নাজিরপুর এলাকার শিরীন ব্রিক্স এর স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন মিন্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বানারীপাড়ার পৃথক তিনটি ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, আইন-কানুন মানতে হবে এর ব্যত্যয় করা যাবে না। আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ এবং উপ-পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।
