সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৯

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাবলিক ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ  চৌধুরী এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান প্রমুখ।

সুপারভাইজারদের বুনিয়াদি  প্রশিক্ষণ সম্পন্ন

তেরখাদা (খুলনা) সংবাদদাতা তেরখাদায় বৃহস্পতিবার বিকালে মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) শিক্ষক ও সুপারভাইজারদের পাঁচ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলার ছয় ইউনিয়নের ১১টি ভেন্যুতে মোট ৩০০ জন শিক্ষক, ৩০০ জন শিক্ষিকা ও ১৫ জন সুপারভাইজারসহ মোট ৬১৫ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়।

ঈশ্বরদীতে কৃষক সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে বৃহস্পতিবার বিকালে ‘যুতসই ও টেকসই উন্নয়নের লক্ষ্যে’ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির উদ্যোগে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামে ময়েজউদ্দিন কৃষি খামারে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনারারি কনসাল জেনারেল অব জাপান মুহম্মদ নুরুল ইসলাম। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমুখ।

আত্রাইয়ে ‘সীতাতলার মেলা’ সমাপ্ত

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা আত্রাই উপজেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত ঐতিহাসিক ‘সীতাতলার মেলা’ শুক্রবার শেষ হয়েছে। গত বুধবার এই মেলা শুরু হয়। প্রতি বছর পৌষ মাসের শেষে উপজেলার জামগ্রামে মহা ধুমধামে মেলা অনুষ্ঠিত হয়। কথিত আছে, আত্রাই উপজেলার জামগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সতী সীতার বনবাস হয়েছিল। সেজন্য এ মেলার নাম হয়েছে ‘সীতাতলার মেলা’।

বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় শুক্রবার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের কৃষকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) বাবু গুপি নাথ দাস, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাহউদ্দিন, ইউপি সদস্য মো. মজনু মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক মো. নেছার উদ্দিন প্রমুখ।

মাদক বাল্যবিবাহ জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দায় বৃহস্পতিবার বিকালে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও ইভটিজিংবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মনৈম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। মনৈম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি, মনৈম ইউনিয়ন পরিষদ ও মান্দা থানার আয়োজনে সমাবেশে মনৈম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউপি সদস্য সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান প্রমুখ।

রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৩তম পুনর্মিলনী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার চারঘাটে অবস্থিত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নেত্রকোনা প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে নেত্রকোনার বারহাট্টার তেঘরি বাজারে শুক্রবার বিনামূল্যে এক হাজার ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেক্সাস রয়েল ক্লাবের উদ্যোগে কর্মসূচি উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। নেক্সাস রয়েল ক্লাবের সভাপতি শেখ তারিক আকিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক দীপক দাস গুপ্ত, রায়পুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্টার ডা. মো. জুনাইদ।

মাসব্যাপী মুজিববর্ষ মেলা উদ্বোধন

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী মুজিববর্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধনকুড়া হেলিপ্যাড মাঠে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া প্রমুখ

চৌগাছায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

চৌগাছা (যশোর) সংবাদদাতা চৌগাছায় স্বেচ্ছাশ্রমে সরকারি রাস্তা সংস্কার করা হয়েছে। শুক্রবার সকালে সাংবাদিক রহিদুল খানের নেতৃত্বে উপজেলার সিংহঝুলি গ্রামের পশ্চিমপাড়ার যুবকরা পাঁচ কিলোমিটার রাস্তাটি সংস্কার করেছেন। সাংবাদিক রহিদুল খান জানান, উপজেলার সিংহঝুলি গ্রামের পশ্চিমপাড়ার একটি রাস্তার দুই ধারে পুকুর থাকায় রাস্তাটি ভেঙে পুকুরের সঙ্গে একাকার হয়ে যায়। ফলে ভোগান্তির শিকার হচ্ছিল মুমূর্ষু রোগী, কৃষক, শিক্ষার্থীসহ জনসাধারণ।

ছাতনী-ঢেকড়া স্কুলের সুবর্ণজয়ন্তী উত্সব

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘির ছাতনী-ঢেকড়া উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উত্সবের উদ্বোধন করা হয়েছে শুক্রবার। প্রথমদিনে জাতীয় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সান্তাহার ইউপি চেয়ারম্যান ও উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এরশাদুল হক টুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহের মাহমুদপুর মামাভাগিনা বিলের সেচের পানিতে শতাধিক একর জমির ফসল নষ্টের প্রতিবাদ ও ক্ষতিপূরণ দাবিতে শুক্রবার কৃষকরা মানববন্ধন করেছেন। মাহমুদপুর-মাদারগঞ্জ রোডের আদবাড়িয়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাইদ সাদা, জেলা কৃষকলীগ সদস্য আবুল হোসেন খান, কৃষক মোজাম্মেল হক সরকার, আ. সবুর সরকার প্রমুখ।