বাংলাদেশের সুবিধা করে দিল ফিলিস্তিন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৭

স্পোর্টস রিপোর্টার

ফিলিস্তিন ২-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল। শ্রীলঙ্কার হারে সেমিফাইনালে যাওয়া টিকে থাকল জামাল ভুইয়ার বাংলাদেশের।

আগামীকাল রবিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জিততে হবে। আর যদি ড্র হয় তাহলে দুই দল সরাসরি টাইব্রেকারে যাবে। বাংলাদেশের জন্য সহজ হিসাব হচ্ছে জিততেই হবে।

ফিলিস্তিন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও ফেভারিট দল। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ ০-২ গোলে হেরেছিল তাদের বিপক্ষে। প্রথম ম্যাচেই এক পা সেমিফাইনালে চলে যাওয়ায় কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ফিলিস্তিন নিয়মিত একাদশ  থেকে অধিনায়কসহ ছয় ফুটবলারকে বেঞ্চে বসিয়ে দেয়।

শ্রীলঙ্কাকে দুর্বল মনে করা ও একই সঙ্গে সেমিফাইনালের জন্য খেলোয়াড়দের বিশ্রামে রাখা,  দুটোই ছিল ফিলিস্তিনের লক্ষ্য। লঙ্কার এটা ছিল প্রথম ম্যাচ। তারা কোমর বেঁধে নেমেছিলেন। আর ফিলিস্তিন সহজ জয় পাবে এমন আশায় সাইড বেঞ্চে থেকে ছয় ফুটবলারকে মাঠে ঠেলে দেয়। তারপরও সহজ জয় হবে এমন হিসাব করেও ফায়দা তুলতে পারছিল না।

ঢাকার মাঠের আবাহনীর একসময়ের তারকা ডিফেন্ডার কোচ পাকির আলীর শ্রীলঙ্কা দারুণ লড়াই করছিল। ফিলিস্তিন সুযোগ পেলেও লঙ্কান গোলকিপার রুয়ান অরুনসারী তাদের আক্রমণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। হা-পিত্যেশ করছিলেন গ্যালারিতে থাকা পতাকা হাতে শ খানেক ফিলিস্তিন সমর্থক।

আবাহনীর গ্যালারিতে ঠাঁই নেওয়া এই সমর্থকদের উল্লাস চোখে পড়েছিল খেলোয়াড়দের আক্রমণ দেখে। গতকাল শুক্রবার ছুটির দিনে এত দর্শক ছিল অপ্রত্যাশিত। বাংলাদেশের খেলা নেই। দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে  ফিলিস্তিনের র্যাংকিং পার্থক্য ১০০ ধাপ পেছনে। যদিও র্যাংকিং কোনো বিষয় না সেটা আবারও প্রমাণ হলো কালকের খেলায়। লঙ্কানদের সামনে ফিলিস্তিনের অবস্থা বেগতিক দেখে ফিলিস্তিন কোচ মাকরাম দাববোব। তিনি খেলোয়াড় পরিবর্তন করেও শক্তিমত্তা পরিবর্তন করেন।

দলের মূল অধিনায়ক সামেহ মারাবাকে মাঠে নামান। ৯০ মিনিট শেষ হয়ে যোগ হওয়া ৬ মিনিটের খেলা চলছে। বদলি খেলতে নেমে সামেহ মারাবার ঠেলে দেওয়া বলে গোল পায় ভারপ্রাপ্ত অধিনায়ক আবু ওয়ারদা ডাইভিং হেডে দর্শনীয় গোল করেন ১-০। দুই তিন মিনিট পর পালটা আক্রমণে বাংলাদেশের বিপক্ষে খেলা বদলি ফরোয়ার্ড খালেদ সালেম মাটি কামড়ানো শটে গোল করেন ২-০।  

আজকের খেলা

বুরুন্ডি ও সিশেলস। ৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।