আসছেন ব্রাজিল ফুটবলার হুলিও সিজার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৭

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আসবেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা হুলিও সিজার। এই সাবেক তারকা গোলকিপার আগামী ২২ জানুয়ারি ঢাকায় আসবেন বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফেতে স্কুল ফুটবল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান তারকার ঢাকায় আসার কথা জানান বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। ২২ জানুয়ারি ঢাকায় এসে ২৩ জানুয়ারি রাতে চলে যাবেন হুলিও সিজার। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বিশ্ব ফুটবল তারকাদের ঢাকায় আসার ঘোষণা আগেই দিয়েছিল বাফুফে। ফিফার ফুটবল লিজেন্ডদের তালিকা হতে যাকে যখন পাওয়া যাবে, তাকেই পাঠাবে ফিফা, এমন কথা বাফুফে জানিয়েছিল। গতকাল আনুষ্ঠানিকভাবে জানানো হলো হুলিও সিজারের কথা। ২০১৪ সালে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিলেন এই গোলকিপার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল। সেই করুণ বিদায়ের ম্যাচে এই গোলকিপার হুলিও সিজার খেলেছিলেন। ২০০৪ থেকে ২০১৪, ৮৭টি আন্তর্জাকি ম্যাচ খেলেছেন হুলিও সিজার। তিনটি বিশ্বকাপ ফুটবল খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে সিংহভাগ সময় কেটেছে ইন্টারমিলানে।    

একদিন ঢাকায় অবস্থান করলেও তার ব্যস্ত সময় যাবে পুরো দিনটি। কী কী করবেন, সেটাও জানানো হয়েছে বাফুফে হতে। ২৩ জানুয়ারি ব্রাজিলিয়ান এই তারকা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে যাবেন বেরাইদ, বাফুফে-ফর্টিসের ফুটবল একাডেমিতে। সেখানেও আছে নানা পরিকল্পনা। এত বড়ো গোলকিপার ঢাকায় আসবেন আর তাকে নিয়ে একটা সেশন হবে না তা কি করে হয়। বাফুফে জানিয়েছে গোলকিপারদের নিয়ে একটা সেশন রাখা হয়েছে। গোলকিপারদের টিপস দেবেন হুলিও সিজার। একাডেমির খেলোয়াড়দের সঙ্গে একটা সেশন থাকবে সাবেক এই তারকার।

একাডেমি হতে বাফুফে ভবনে যাবেন, সেখানে মেয়েদের ফুটবল দলের অনুশীলন দেখবেন। কথা বললেন ফুটবলারের সঙ্গেও। বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাত্ করবেন, সংবাদমাধ্যমের কথা বলবেন তিনি। সন্ধ্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল দেখতে স্টেডিয়ামে যাবেন এবং এই রাতেই ঢাকা ছাড়বেন তিনি।