‘মনে হয় না ধোনি আর কখনো ফিরতে পারবে’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৮

স্পোর্টস ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির সময়টা খারাপ যাচ্ছে। সঙ্গে বয়সও বেড়ে গেছে। আগের মতো ধার নেই অনেকদিন হলো। সব বিবেচনা করেই ধোনির সতীর্থ হরভজন সিং মনে করছেন, আর কোনোদিনও হয়তো জাতীয় দলে ফেরা হবে না তার। সাবেক এই ভারতীয় অধিনায়ক সেই ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আছেন দলের বাইরে। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরাও এমন কী স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি অনেকবারই তার ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে জানার চেষ্টা করেছেন। কিন্তু ধোনি বরাবরই সবাইকে ধোয়াশায় রেখেছেন।

ফলে অনেকট বাধ্য হয়েই গেল বৃহস্পতিবার ভারতকে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা এনে দেওয়া ধোনিকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রেখেছে বিসিসিআই। এমন অবস্থায় জাতীয় দলের পথ তার জন্য কার্যত বন্ধই দেখছেন হরভজন।

ডানহাতি এই অফস্পিনার লম্বা সময় খেলেছেন ধোনির সঙ্গে। ধোনির নেতৃত্বে জাতীয় দল ছাড়াও খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসে। ধোনির ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে হয় না ও (ধোনি) আর কখনো ভারতের হয়ে খেলতে পারবে। ও নিজেই তো সিদ্ধান্ত নিয়েছিল কেবল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলবে। আর এখন হয়তো ও আইপিএলের প্রস্তুতি নিতে ব্যস্ত।’

 বোর্ড ধোনির ফেরার পথ অনেকটা বন্ধ করে ফেললেও অবশ্য একটা পথ খোলাই আছে। আর সেটা হলেন কোচ রবি শাস্ত্রী। কদিন আগে তিনি বলেই রেখেছেন যে ‘ক্যাপ্টেন কুল’-এর ভবিষ্যত্ নির্ভর করছে আইপিএলের পারফরম্যান্সের ওপর। আর হরভজনের বিশ্বাস এবারের আইপিএলে দারুণ পারফর্ম করবেন ধোনি। একই সঙ্গে এটাও মনে করেন যে, তারপরও ফেরা সহজ হবে না তার।

তিনি বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে, চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলটা দারুণ কাটবে ধোনির। তারপরও আমার মনে হয় না যে, একটা ভালো আইপিএল খেলেই আবার সে জাতীয় দলে ফিরতে পারবে।’

ব্যাখ্যা দিতে গিয়ে হরভজন সিং টানলেন ঋষাভ পান্তের প্রসঙ্গ। বললেন, ‘এমন যদি হয়, আইপিএল ঋষাভও খুব ভালো করল। তাহলেও কী ওকে বাদ দেওয়া হবে?’